ইত্তেফাক রিপোর্ট
লকডাউনের তৃতীয় দিন ও সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গতকাল ব্যাংক, বিমা ও আর্থিক খাতের পাশাপাশি বহুজাতিক শেয়ারের দাম বেড়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৭৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের দিন মঙ্গলবারের মতোই গতকাল বুধবারও বিমা খাতের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ফলে লেনদেনের শীর্ষে রয়েছে এ খাতের কোম্পানির শেয়ার। গতকাল এ খাতের ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অপরদিকে ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ব্যাংক-বিমার ধাক্কায় ও আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির প্রায় সব শেয়ারের দাম বেড়েছে।
লকডাউনের আগের দিন হঠাত্ করে বড় পতন হয় এরপর থেকে টানা উত্থানের ধারায় রয়েছে শেয়ারবাজার। ডিএসইর তথ্য মতে, গত রবিবার লকডাউনের খবরে ডিএসইর সূচক কমে ১৮৩ পয়েন্ট। এরপর গত তিন কার্যদিবস সোম, মঙ্গল ও বুধবার ডিএসইর প্রধান সূচক যথাক্রমে ৮৮, ১০৩ এবং ৫৬ পয়েন্ট বেড়েছে। তাতে বিনিয়োগকারীরা তাদের হারানো ২১ হাজার ৭৮০ কোটি ৮২ লাখ ২৫ হাজার টাকার পুঁজি ফিরে পেয়েছেন।
গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস ৩০-সূচক বেড়েছে ২২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক বেড়েছে ৯ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা। গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির। অপরিবর্তিত ছিল ১০২টি কোম্পানির শেয়ারের দাম।
বুধবার ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, নর্দার্ন ইনসিওরেন্স, রূপালি, সোনার বাংলা, ইসলামী ইনসিওরেন্স, দেশ জেনারেল, প্রভাতী ইনসিওরেন্স, আরকে সিরামিক, ব্র্যাক ব্যাংক এবং লিব্রা ইনফিউশন লিমিটেড।
লেনদেন বাড়ার শীর্ষে যথারীতি রয়েছে—বেক্সিমকো, রবি আজিয়াটা, এশিয়া প্যাসিফিক ইনসিওরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট ইনসিওরেন্স, প্রভাতী ইনসিওরেন্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম, আইএফআইসি ব্যাংক এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৭৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ২৫টির । অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।