পদ্মা এখন চিংড়ি বসবাসের অযোগ্য

আবদুল আলীমের গাওয়া আবদুল লতিফের ‘সর্বনাশা পদ্মা নদী’ গানটি সবার জানা। সেই সর্বনাশা পদ্মা আজ সর্বনাশাদের হাতে। পদ্মার বুক জুড়ে নেই জলরাশি, সর্বনাশাদের ভয়াল থাবায় হয়ে গেছে ধুধু বালুরাশি। সেই বালুরাশি গা ঘেঁষে যে জল প্রবাহিত হচ্ছে সেই জল আজ চিংড়ি মাছ বসবাসের অযোগ্য। গত কয়েক মাস ধরে পদ্মার বুকে সকালবেলায় ভেসে উঠছে মৃত হাজার হাজার চিংড়িমাছ। সকালে ভাটা পড়লে দেখা মেলে চিংড়িমাছের মৃত্যুর বহর। এর একমাত্র কারণ হলো পানিদূষণ। মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মার বুকে চিংড়িমাছ মরছে প্রতিদিন। এছাড়া পানির গতি না থাকায় স্থানীয় জেলেরা মাছ মারা ট্যাবলেট এবং বিষ প্রয়োগ করে পদ্মার পানি বিষাক্ত করে মাছ শিকার করছে। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।

শাবলু শাহাবউদ্দিন

শিবচর, মাদারীপুর