বিভিন্ন প্রয়োজনে দিনের অনেকটা সময় আমাদের বাড়ির বাইরে কাটাতে হয়। এ সময় আমরা বিভিন্ন জিনিস কিনি এবং যেগুলো থেকে তাত্ক্ষণিক বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যগুলো যথাযথ স্থানে ফেলা সবার নাগরিক দায়িত্ব। কিন্তু চলার পথে উত্পন্ন ময়লা-আবর্জনা যথাযথ স্থানে ফেলার মানসিকতা থাকা সত্ত্বেও ধারেকাছে ডাস্টবিন না পেয়ে অনেকে সেগুলো যত্রতত্র ফেলেন। ফলস্বরূপ শহরের রাস্তায় চোখে পড়ে আবর্জনা। এই আবর্জনা পচে দুর্গন্ধ সৃষ্টি করে, যাতে শহরের সৌন্দর্যহানি হয়। এভাবে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবেশদূষণ হচ্ছে। শহরের রাস্তাগুলোর পাশে ডাস্টবিন স্থাপন করা হলে একজনের দেখাদেখি অন্য পথচারীরাও আবর্জনা ডাস্টবিনে ফেলতে অনুপ্রাণিত হবেন। এতে করে পরিচ্ছন্নতা-কর্মীর আবর্জনা সংগ্রহে সুবিধা হবে, পরিবেশ রক্ষা পাবে ও সর্বোপরি নগরবাসী এক পরিচ্ছন্ন নগর উপহার পবেন। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রাসেল মিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া