সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ উপজেলার নজরপুর গ্রামে ছয় বছরের শিশু আশ্রাফুল আলম হত্যা মামলায় আলা উদ্দিন (৩৫) ও মো. হাসান (১৯) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আলাউদ্দিনকে সোমবার রাতে এবং গ্রাম্য চৌকিদার নূর নবীর ছেলে মো. হাসানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দিন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আলাউদ্দিন হত্যার দায় স্বীকার করে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর বিচারিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে নিহত শিশু আশ্রাফুলের মা হাজেরার প্রথম স্বামী। উল্লেখ্য, গত শুক্রবার শিশু আশ্রাফুল নিখোঁজ হয়। এর চারদিন পর সোমবার রাতে পুলিশ মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতেই তার বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।