স্পোর্টস রিপোর্টার
নির্বাচনের পর প্রাণচাঞ্চল্য ফিরছে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে। নতুন কমিটি শুরুতেই ফুটবল ও ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনার দিকে বিশেষ নজর দিয়েছে।
গত মঙ্গলবার রাতে পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় ফুটবল ও ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে। মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানকে ক্রিকেট ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। মাসুদুজ্জামান সর্বশেষ ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর অতীতে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মাসুদুজ্জামান বলেন, ‘আমার ওপর আবারও আস্থা রাখার জন্য ধন্যবাদ। আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি শক্তিশালী দল গড়ার। আগামীতে যাতে আরো শক্তিশালী দল গড়ে শিরোপার লড়াই করতে পারি, সেই চেষ্টাই করব।’ প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘এবার লিগে শিরোপার লড়াই সম্ভব হবে না। চেষ্টা থাকবে পয়েন্ট টেবিলে অবস্থান আরো ভালো করতে। তবে আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা দল গড়ব।’