বিয়ানীবাজার ও লোহাগড়ায় দুই শিশু ধর্ষণের শিকার তিন জন গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া নড়াইলের লোহাগড়ায় তৃতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। দুই শিশুধর্ষণের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। সংবাদদাতাদের পাঠানো খবর।

বিয়ানীবাজার (সিলেট) :সিলেটের বিয়ানীবাজারের লাউতায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক যুবকরা হলেন—     বাহাদুরপুর দক্ষিণ ঠিকরপাড়া গ্রামের মৃত ছাইদ আলীর পুত্র ফয়ছল আহমদ পেটলা ও উত্তর গাংপার এলাকার মৃত আব্দুর খালিকের পুত্র মিশুক আহমদ। গতকাল বুধবার তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা। গত মঙ্গলবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর ঠিকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ঘরের বারান্দায় নলকূপ থেকে পানি নিতে বের হলে ১১ বছর বয়সি ঐ শিশুকে তুলে নিয়ে পাশের একটি নির্জন জায়গায় অভিযুক্ত দুই যুবক ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। এ সময় ঘরের লোকজন খোঁজাখুঁজি করে অজ্ঞান অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ঘটনা জানাজানি হলে ঐ যুবকদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, অভিযুক্ত দুই যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া (নড়াইল) :নড়াইলের লোহাগড়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে গতকাল বুধবার লোহাগড়া থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত হান্নান মোল্যাকে (৭০) গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল দুপুরে প্রতিবেশি হান্নান মোল্যার বাড়ির পাশে সবজিখেতে সবজি আনতে গেলে হান্নান মোল্যা তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলতে ঐ শিশুকে ভয়ভীতি দেখান হান্নান। শিশুটি বাড়িতে গিয়ে কাউকে না বললেও তার শারীরিক অসুস্থতা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে ঐ শিশুটি ধর্ষণের ঘটনাটি তার মায়ের কাছে বলে দেয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বুধবার সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে শিশুর মা বাদী হয়ে বুধবার দুপুরে ধর্ষক হান্নান মোল্যাকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে হান্নান মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বর্তমান নড়াইল সদর হাসপাতালে চিকিত্সাধীন।