করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত। গত ৩১ মার্চ থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরমধ্যে ফুসফুসের ২০ শতাংশে সংক্রমণ ছড়িয়েছে তার। বুধবার (৭ এপ্রিল) সকালে তকে জরুরি ভিত্তিতে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, ‘সিটি স্ক্যান করিয়েছিলাম। সেখানেই ফুসফুসের ইনফেকশনটি ধরা পড়ে। ২০ শতাংশ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলে আমার ভাই। সে নিজেও একজন চিকিৎসক।’
এটা ছাড়া অন্য কোনও জটিলতা নেই এই অভিনেতার। তাই আপাতত তাকে কেবিনে রাখা হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
গাজী রাকায়েত ১৯৯৩ সালে খ ম হারুনের পরিচালিত সংগীত পদযাত্রা নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং নাটক পরিচালনা করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে একজন আয়নাল লস্কর, সাকিন, জন্মসূত্র, চিঠি, বৃষ্টি রাতের গল্প, অনিরুদ্ধ, সাম্প্রতিক একটি আত্মহত্যার কথা উল্লেখযোগ্য। ১৯৯৬ সালে তিনি প্রথম তানভীর মোকাম্মেলের পরিচালিত নদীর নাম মধুমতী চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয় ও নাট্য নির্মাণের পাশাপাশি গাজী রাকায়েত স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এই প্রথম কোন চলচ্চিত্র ১৭টির বেশি শাখায় পুরস্কৃত হয়। এছাড়াও ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে।
ইত্তেফাক/বিএএফ