আরো যুদ্ধবিমান পাঠাল চীন, শেষ পর্যন্ত লড়াই চালাবে তাইওয়ান

তাইওয়ানের আকাশে আরো যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। সোমবার চীন জানায়, তাইওয়ানের আকাশে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে। তাইওয়ানকে চীন নিজের একটা প্রদেশ বলে মনে করে। তবে তাইওয়ানের সরকার নিজেদের স্বাধীন দেশ মনে করে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চীন হামলা চালালেও তারা লড়াই চালিয়ে যাবে। খবর রয়টার্সের

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, চীনের ১২টি যুদ্ধবিমানসহ ১৫টি তাদের আকাশে টহল দিচ্ছে। ফিলিপাইন এবং তাইওয়ানের মধ্যে বাশি চ্যানেলে সাবমেরিন বিধ্বংসী এয়ারক্র্যাফটও চক্কর দিচ্ছে। তাইওয়ানের বিমান বাহিনীও সেখানে বিমান পাঠিয়েছে এবং চীনকে সতর্ক করে দিয়েছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, আমি আমার সীমিত বুদ্ধিতে জানতে পারছি যে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা আশঙ্কা করছেন, চীন তাইওয়ানে হামলা চালাতে পারে। আমরা আমাদেরকে রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব যদি সেটা যুদ্ধও হয়। জোসেফ উ-এর এমন বক্তব্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চীনের সার্বভৌমত্ব নিশ্চিতের জন্যই তাইওয়ান সীমানায় এ ধরনের সামরিক পদক্ষেপ চালানো হয় বলে দাবি করে বেইজিং।