ইন্টারন্যাশনাল লিজিং থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর লিখিত আদেশটি প্রকাশ করা হয়। উল্লেখ্য, গত ১৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
সূত্র জানায়, আদালতের আদেশে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের ঋণ কেলেঙ্কারির ঘটনায় কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৪ ও ২৫ তারিখ এ বিষয়ে পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে বলেও আদেশে বলা হয়। গত ১৬ মার্চ আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৫টি মামলা করেছে দুদক। সেই সঙ্গে তার দুই বান্ধবীসহ ১১ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে দুদক। অপরদিকে গত ২০২০ সালে দেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পি কে হালদারের ২৫ সহযোগীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এছাড়া চলতি বছরে তার সঙ্গে সংশ্লিষ্ট ৪৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।