সম্মুখযোদ্ধা হিসেবে করোনা টিকা পাচ্ছেন রাইডশেয়ারিং চালকরা

দেশে কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বগতির এই সময়ে সম্মুখযোদ্ধা হিসেবে করোনা টিকা পাচ্ছেন রাইডশেয়ারিং চালকরা। আইসিটি বিভাগ ও এটুআইয়ের একশপ প্রকল্পের উদ্যোগে এই করোনার টিকা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর ‘পাঠাও’ অফিসে প্ল্যাটফরমটির ফুড ও কুরিয়ার সার্ভিসে সেবাপ্রদানকারী করোনা যোদ্ধাদের টিকার জন্য রেজিস্ট্রেশন করা হয়।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিট প্রধান ডা. শাহ আলি আকবর আশরাফী বলেন, মহামারিতে মানুষের জরুরি প্রয়োজনে ই-কমার্স খাতের কর্মীরা ঘরে ঘরে পণ্য পৌঁছে দিচ্ছেন। তাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে এটুআইয়ের উদ্যোগে ই-কমার্স খাতের কর্মীদের কোভিড-১৯ টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘সুরক্ষা’ ওয়েব পোর্টালে নিবন্ধনের মাধ্যমে তারা টিকা নিতে পারবেন। এই উদ্যোগ ই-কমার্স খাতকে আরো গতিশীল করবে বলে জানান তিনি।

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহত্ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফরম ‘পাঠাও’ তার প্রায় ১ হাজার সেবাপ্রদানকারীকে করোনা টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ‘পাঠাও’র সম্মুখসারির এসব যোদ্ধাকে করোনা টিকা দেওয়ায় সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রামের ‘একশপ’।

এদিকে লকডাউন চলাকালে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ‘পাঠাও’। তাই আজ থেকে নির্দেশনা মেনে সংশ্লিষ্ট এলাকায় চালু রয়েছে পাঠাও এর ‘কার’ সার্ভিসও। ‘পাঠাও’ মনে করে, করোনা মহামারির নিয়ন্ত্রণে অবশ্যই আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে ও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা। এ সময় ‘পাঠাও’ প্রেসিডেন্ট ফাহিম আহমেদ, ‘একশপ’ এর টিম লিডার রেজওয়ানুল হক জামি উপস্থিত ছিলেন।