করোনা: আর্জেন্টিনায় ৩ সপ্তাহের কারফিউ 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে তিন সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরপর দ্বিতীয় দিন করোনায় রেকর্ড পরিমাণ সংক্রমণ হওয়ার পর এমন ঘোষণা দিলেন তিনি। 

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রেকর্ড করা এক বার্তায় তিনি বলেন, শুক্রবার থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তিনি নিজে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে রয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষকরে মধ্যাঞ্চলে এ কারফিউ কার্যকর করা হবে। বার এবং রেস্তোরাঁগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার সকালে আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগের দিন ২০ হাজার ৮৭০ জন এ ভাইরাসে সংক্রমিত হয়। এরফলে পরপর দু’দিন করোনা সংক্রমণের রেকর্ড সৃষ্টি হলো।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে সর্বশেষ ১৩ হাজার ৫শ’ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/এএইচপি