ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা-বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ‘ভাঙ্গা উপজেলাকে আধুনিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস, এ গ্রেডের পৌরসভাসহ রাস্তাঘাট, ব্রিজ, শিক্ষাব্যবস্থা, বিদ্যুত্ উন্নয়নের মতো অনেক কাজ আজ শতভাগ সম্পন্ন হয়েছে।’ দুর্নীতির কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে মন্তব্য করে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সজীব আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুত্ফর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দায় হোসেন প্রমুখ।