ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
পঞ্চগড় :প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রী আশরাফী জান্নাত ঈশির (১৩)। ট্রাক্টরের ধাক্কায় অকালেই ঝরে গেল তার প্রাণ। এতে আহত হয় সহপাঠী নাদিয়া, স্মৃতি ও দিপাও। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর-ভূতিপুকুর পাকা সড়কের বগুলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশি একই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মধ্য হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে এবং হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তেঁতুলিয়া মডেল থানার ওসি মো আবু সায়েম মিয়া জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
সুনামগঞ্জ :সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুপুরে ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো.জিসান মিয়া (৪) উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালিপুর গ্রামের সাফায়াত হোসেনের ছেলে। শিশুটি গ্রামের পাশে জমিতে আলু তুলে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মারা যায়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় পথচারী সুজন মিয়ার মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলার গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাঁসিতলা এলাকায় পাথর বোঝাই ট্রাক পথচারী সুজন মিয়াকে চাপা দেয়। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সুজন কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের ইনছের আলীর ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মান্দা (নওগাঁ) :মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান (৯৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেলা ১১টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার কুস্মবা স’মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়। নিহত মজিবর রহমান উপজেলার বড়পই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।