নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় লকডাউন মানছে না অনেক দোকানদার। সকাল ৮টার দিকে শহরের সব ধরনের দোকান খোলার সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে মোবাইল কোর্ট বের হতেই ব্যবসায়ীরা দোকানের ঝাপ ফেলতে শুরু করে। কোর্ট চলে গেলে দোকান আবার খুলে যায়। দোকানমালিকরা করোনা আইন মানতে রাজি নয়। তারা ব্যবসার স্বার্থে দোকান সকাল-সন্ধ্যা খোলা রাখার দাবি জানিয়েছেন। পৌর এলাকার সব মার্কেটেরই এই হাল। চেম্বারের সভাপতি প্রবীণ ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ লকডাউন চললেও সকাল থেকে বিকাল পর্যন্ত করোনা আইন মেনে নির্বিঘ্নে দোকান খোলা রাখার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়াতে জেলা প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।