বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ টাইটেল স্পন্সর ওয়ালটন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’ সিরিজের টাইটেল স্পন্সরের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ওয়ালটন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। দুই টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।