লঙ্কা সফরের প্রস্তুতিতে ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

কদিন পরই দুই টেস্ট খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেবে বাংলাদেশ দল। যদিও শ্রীলঙ্কা সফরের টেস্ট দল এখনো ঘোষণা হয়নি। বিসিবি চূড়ান্ত দল ঘোষণা না করলেও ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে গতকাল ব্যস্ত দিন কাটিয়েছেন টেস্ট দলের ক্রিকেটাররা।

গতকাল সকালে সবার আগে অনুশীলনে নেমেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে নিউজিল্যান্ড সফরের তিনটি টি-২০ ম্যাচ খেলেননি তিনি। তবে নির্বাচকরা জানিয়েছেন, লঙ্কা সফরের জন্য পুরোপুরি ফিট আছেন মুশফিক। সকাল ১০টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন এ অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। পরে ইনডোরেও ব্যাটিং করেছেন তিনি। মুশফিকের পর টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা অনুশীলন করেছেন। এ সময় পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ জন লুইস ক্রিকেটারদের অনুশীলনে উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই রাউন্ড খেললেও ব্যাটিংয়ে বলার মতো রান পাননি মুমিনুল। গতকাল সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন এ বাঁহাতি। করোনা আক্রান্ত হওয়ায় এনসিএলের ম্যাচ খেলতে পারেননি ওপেনার সাদমান। গতকাল সেন্টার উইকেটের পাশাপাশি ইনডোরেও ব্যাটিং করেছেন এ তরুণ।

দুপুরে স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলামের তত্ত্ববধানে নেটে বল করেছেন মুমিনুল, মিঠুন, সাইফ হাসানরা। সঙ্গে টেস্ট দলের দুই বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান বোলিং করেছেন। এনসিএলের ম্যাচে দুজনই ভালো বোলিং করেছেন।

নিউজিল্যান্ড সফরে গতির ঝড় তুলেছিলেন তাসকিন। সতীর্থদের ক্যাচ মিসের কারণে উইকেট খুব বেশি পাননি। গতকাল মাঠে এলেও বোলিং করতে দেখা যায়নি দ্রুতগতির এ ডানহাতি পেসারকে। গিবসনের সঙ্গে পরামর্শ শেষে বের হয়ে যান তিনি।

জাতীয় দলের নতুন স্পন্সর দারাজের লোগোসহ বানানো নতুন জার্সি গায়ে অনুশীলন করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা।

করোনা আক্রান্ত কিউরেটর গামিনি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর শ্রীলঙ্কান গামিনি ডি সিলভা করোনা আক্রান্ত। চলতি মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সময় দেশের মাটিতে ক্রিকেটের ব্যস্ততা নেই বললেই চলে। এ সময়ে ছুটিতে স্বদেশে যেতে চেয়েছিলেন গামিনি। কলম্বো যাওয়ার আগে রুটিনমাফিক পরীক্ষা করিয়েছেন তিনি এবং রিপোর্ট পজিটিভ এসেছে গামিনির। বিসিবির মেডিক্যাল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। করোনা ধরা পড়ায় এখন আইসোলেশনে আছেন গামিনি।