নর্থ সাউথের সমাবর্তনে শিক্ষামন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাপ্ত করে কর্মক্ষেত্রে যোগদান করার পরও নতুন কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি হয়ে যেতে পারে। তখন ঐ কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার শিক্ষাকে আরো সহজ ও আধুনিকীকরণ করার কথা ভাবছে। বয়স যেন জ্ঞান অর্জন করার জন্য কোনো প্রতিবন্ধক না হয় সে বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪ হাজার ১৪ জনকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর ও আট জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাশেম। সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ। সমাবর্তন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদ।