বাংলাদেশের সহিংসতার ছবি প্রচারণায় ব্যবহার করছেন বিজেপি প্রার্থীরা

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সুখেন্দুশেখর রায় অভিযোগ করেছেন যে, বাংলাদেশে সহিংসতার ছবি ভোটের প্রচারণায় ব্যবহার করেছেন বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় ও রুন্দ্রনীল ঘোষ। ভোটের প্রচারণায় তারা সাম্প্র্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছেন।

গতকাল বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ বিজেপির ভোট প্রচারে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাদের প্রচারণায় বাংলাদেশের সহিংসতার ছবি ব্যবহার করা হচ্ছে। এমনকি ১৯৪৬ সালের দাঙ্গার ছবি ব্যবহার করা হচ্ছে। দেখানো হচ্ছে খবরের কাগজের কাটিং। এই দুটি বিষয়ই আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাব। লিখিত আকারে তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবারই এ বিষয়ে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

এই অভিযোগের জবাবে অভিনেতা তথা ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, যিনি অভিযোগ করছেন, তিনি শুধু তার দায়িত্ব পালন করেছেন। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন তেমনই বাবুল সুপ্রিয় এবং আমার বিরুদ্ধে এমন সব অভিযোগ করছেন। এমন ভিত্তিহীন অভিযোগ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। খবর :আনন্দবাজার পত্রিকার।