নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে আবারও বাসে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০ থেকে ৩০ জনের দল আক্রমণ চালাচ্ছে পুলিশের ওপর। পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হচ্ছে। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। যুক্তরাজ্যপন্থিদের এলাকায় এই ঘটনা ঘটছে। গত ছয় দিন ধরে এভাবে হামলার ঘটনা ঘটছে। অন্তত ৫৫ জন পুলিশ সদস্য এতে আহত হয়েছে। খবর ডয়চেভেলে ও বিবিসির
পুলিশ জানিয়েছে, দুই দিনে ৩০টি পেট্রোল বোমা মারা হয়েছে। তিনটি পুলিশের গাড়ি হাইজ্যাক করে আগুন ধরানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাজ্যপন্থি ও বিরোধীদের সংঘাতের দীর্ঘ ইতিহাস আছে। বিরোধীরা স্বাধীন রিপাবলিক অব আয়ারল্যান্ডে যোগ দিতে চান। গত এক দশকে সহিংসতা কিছুটা কমেছিল। কিন্তু ব্রেক্সিটের পর আবার বিরোধ বাড়ছে। গত মাসে যুক্তরাজ্যপন্থিরাও ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তি থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা মুখে মাস্ক পরে থাকে। কয়েক জন বয়স্ক তরুণদের দলের সঙ্গে ছিলেন। আট জনকে পুলিশ গ্রেফতার করেছে। ৫৫ পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ কর্তারা অবিলম্বে হিংসা বন্ধ করতে বলেছেন। তাদের দাবি, যারা এ কাজ করছেন, তারা নিজেদের ও সম্প্রদায়ের ক্ষতি করছেন। কেউ নিশ্চয় দাঙ্গা-সহিংসতার কালো দিনে ফিরে যেতে চান না। নর্দার্ন আয়ারল্যান্ডের এ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি টুইটার বার্তায় লিখেছেন, সেখানে সহিংসতার চিত্র দেখে আমি খুবই উদ্বিগ্ন। মতপার্থক্যের সমাধান হয় আলোচনার মাধ্যমে, সহিংসতা বা অপরাধের মাধ্যমে নয়, টুইটারে দেওয়া এক পোস্টে এমনটাই লিখেছেন তিনি। আয়ারল্যান্ডের পার্লামেন্টেও সহিংসতার নিন্দা জানানো হয়েছে।