পেঁয়াজ ক্ষেতে গাঁজা চাষের অপরাধে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বাগমারা উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কাসেম আলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান বাসুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলের প্রভাব খাটিয়ে পেঁয়াজ ক্ষেতে গাঁজা চাষ সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলো। পেঁয়াজ ক্ষেতে গাঁজা চাষের অপরাধে বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলাও হয়েছে। সেই মামলায় মাহাবুর রহমান পলাতক থাকলেও তার ছেলে কলেজ ছাত্র সাগরকে (১৯) পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।
এ কারণে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক বলেন, সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারো স্বেচ্ছাচারিতার কারণে দল বদনাম কুড়াবে না।
ইত্তেফাক/এসজেড