বিনোদন প্রতিবেদক
ঈদের ব্যস্ততায় যখন একাধিক কাজ হাতে নিয়েছেন তখন করোনা সংক্রমণ বেড়ে গেল। তবু এর ভেতরে ওটিটি প্লাটফর্মের জন্য বেশকিছু কাজ সেরেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বলেন, ‘গত ১ বছরের এই অচলাবস্থা থেকে এটুকুই বুঝেছি, খুব বাড়তি কাজ করে লাভ নেই। বুঝে-শুনে ভালো কিছু কাজ করতে চাই। এর মধ্যে বেশ কয়েকটি টিভিসির কাজও করেছি।’
তবে চমক লাগানোর মতো ব্যাপার ছিল নুসরাত ফারিয়া, মাহিয়া মাহীর সঙ্গে একাট্টা হয়ে গ্রুপ ছবি পোস্ট দেওয়া। পরস্পরের প্রতিদ্বন্দ্বীদের ভেতরে যা সচরাচর দেখা যায় না। মীম বলেন, ‘এই মানসিকতা থেকে আমাদের প্রত্যেকেরই বের হয়ে আসতে হবে। কারণ কেউ কারো অবস্থান নিতে পারে না। আর আমরা স্ব স্ব মেধা দিয়েই আজকে নিজেদের প্রমাণ করেছি। তাই নিজেদের ভেতরে দূরত্ব রেখে কী লাভ? এই দেখা না হওয়ার ব্যাপারটিতে আসলে পরস্পরেরই ক্ষতি। সে কারণেই নিজেদের এই সম্মিলন। আর একসঙ্গে কাজের বিষয়টা তো রিলিজ হলেই দেখতে পাবে সবাই।’
গত ১ বছরের বেশি সময় ধরে এই অন্যরকম জীবনটা কেমন উপভোগ করছেন জানতে চাইলে মীম বলেন, ‘কাজের ভেতরেই ছিলাম। নিজের নতুন মুভির আপডেটসহ স্ক্রিপ্ট নিয়ে কথা বললাম। নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু শো করেছি। সব মিলিয়ে কাজের ভেতরে থাকার চেষ্টা করেছি। কারণ এই কাজের ভেতরে না থাকলে তো আমাদের ভেতরেও ডিপ্রেশন চলে আসবে।’ উল্লেখ্য, ঈদ উপলক্ষে এরই ভেতরে বেশ ক’টি চ্যানেলের অনুষ্ঠানের শুটিং শেষ করেছেন এই চিত্রনায়িকা।