বিনোদন ডেস্ক
একের পর এক নিজের পালকে নতুন অর্জন যোগ করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এরইমধ্যে বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা পোক্ত করেছেন। সেই জনপ্রিয়তায় ক’দিন আগেই চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করে প্রশংসার জোয়ারে ভাসেন প্রিয়াঙ্কা। সেই ধারাবাহিকতায় এবার প্রিয়াঙ্কার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরো একটি সাফল্য। ৭৪তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের উপস্থাপনা করবে তিনি। আজ ও আগামীকাল যুক্তরাজ্যের রয়েল আলবার্ট হলে বসবে চলচ্চিত্রের এই সম্মানজনক আসরটি। তবে এবারের আসরে প্রিয়াঙ্কা একা নন, তার সঙ্গে উপস্থাপনা করতে দেখা যাবে ফোবি ডাইনেভর, চিয়েটেল ইজিওফর, সিন্থিংয়া এরিভো, হিউ গ্রান্ট, রিচার্ড ই গ্রান্ট, টম হিডলস্টন ও ফেলিসিটি জোনসের মতো তারকাদের। এছাড়া প্রিয়াঙ্কা লস অ্যাঞ্জেলেসের আয়োজকদের সঙ্গে ভার্চুয়ালি অংশ নেবেন। এই আয়োজনে থাকবেন রোজ বাইর্ন, আন্ড্রা ডে, আন্না কেন্ড্রিক, রিনি জেলওয়েজার প্রমুখ। ক্যারিয়ারের এমন সাফল্যে বেশ উচ্চ্বসিত ও সম্মানিতবোধ করছেন এই বলি-তারকা। নিজের ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি খুবই সম্মানিত ও উচ্ছ্বসিত। রবিবার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের উপস্থাপনা করতে যাচ্ছি। এই সুযোগ অর্জনের পথে আমাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল।’ উল্লেখ্য, শুধু উপস্থাপনা নয়, এবারের আসরে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’ দুটি মনোনয়ন পেয়েছে। এতে সেরা অভিনেতা গৌরব আদর্শ এবং চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়েছেন রামিম বাহরামি।