স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে আরশ মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মেয়েটিকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা। গ্রেফতার আরশ উপজেলার সারাই ইউনিয়নের তেলিটারী গ্রামের মশিউর রহমানের ছেলে। গত ১ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে নিয়ে যায় আরশ। মেয়েকে কোথাও না পেয়ে থানায় অভিযোগ করেন বাবা।
মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) জোতিষ চন্দ্র বর্মণ বলেন, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে। এছাড়াও মেয়েটির মেডিক্যাল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।