সৈয়দপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার স্মৃতি অম্লান চত্বরসংলগ্ন সড়কে ট্রাকে করে বিক্রি শুরু হয়। কিন্তু চাহিদার তুলনায় খাদ্যপণ্য কম থাকায় অনেকে পণ্য না পেয়ে হতাশ হয়ে খালি হাতে ফিরে যান। মেসার্স ইমতেয়াজ ট্রেডার্সের মাধ্যমে চিনি, ছোলা, ভোজ্য তেল, মশুর ডাল ও পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান।

অভিযোগ উঠেছে, ৫৭০ টাকায় পূর্ণ প্যাকেজ ছাড়া এ নিত্যপণ্য ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে না। যদিও এমন কোনো নিয়ম বেঁধে দেয়নি টিসিবি। যার যে পণ্যটি প্রয়োজন তিনি সেই পণ্যটিই টিসিবির বিক্রয় পয়েন্ট অথবা ট্রাক থেকে কিনতে পারবেন। কিন্তু কিছু ডিলার নিজ ব্যাবসায়িক স্বার্থে সাধারণ ক্রেতাদের জিম্মি করছেন। সৈয়দপুর প্রেসক্লাব মার্কেটের লাভলী ফটো হাউজের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ সময় লাইনের দাঁড়িয়ে দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি চিনি কিনতে পেরেছি। অপর এক দোকান কর্মচারী মো. আনোয়ার জানান, ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে এসেছিলাম। কিন্তু না পেয়ে ফিরে যাচ্ছি।