ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ডাকাতিয়া নদীর ওপর ফরিদগঞ্জ সেতুর পাশ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
জানা যায়, ডাকাতিয়া নদীর ওপরে ফরিদগঞ্জ সেতুসংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে কঙ্কালটির মাথার খুলি দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা থানাপুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে মাথার খুলিসহ নদীতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি কঙ্কালটি উদ্ধার করে। এ সময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোনো নারীর।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া জানান, সংবাদ পেয়ে ফরিদগঞ্জ সেতুর কাছ থেকে গলিত তথা প্রায় কঙ্কালে পরিণত লাশটি উদ্ধার করা হয়েছে।