ঘনবসতিপূর্ণ এলাকা থেকে আবর্জনার ডাম্পিং স্টেশন সরানোর দাবি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া পৌরসভার ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খোলা জায়গায় সরিয়ে নেওয়ার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে পৌরসভার সৈয়দগাঁও, বাগাপাড়া, ছেত্রাখালী, কোণাপাড়া ও লক্ষ্মীয়া গ্রামবাসীর আয়োজনে সৈয়দগাঁও-ছেত্রাখালী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, ফজলুল হক মাস্টার, হাজি মোহাম্মদ আলী, মো. সুরুজ মিয়া, নূর মোহাম্মদ সৌরভ, আফসার উদ্দিন, উজ্জ্বল সাফি, আঙ্গুর মিয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ময়লা-আবর্জনা ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দগাঁও-বাগাপাড়া-ছেত্রখালী সড়কের পাশে তিন একর জমি অধিগ্রহণের কাজ চলছে। কিন্তু এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে ময়লা-আবর্জনা ফেললে এলাকার পরিবেশ নষ্ট হবে। ফসলি জমির ক্ষতি হবে।