সংবাদ সংক্ষেপ

পাটগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের মামলায় অভিযুক্ত রাব্বি ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঐদিন ঐ ছাত্রীর ভাই বাদী হয়ে পাটগ্রাম থানায় ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ঐ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরীক্ষানিরীক্ষার পর জানা যায় সে ছয়-সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, অভিযুক্ত রাব্বি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। অন্তঃসত্ত্বার ঘটনা জানতে পেরে গত ২০ মার্চ সে মেয়েটিকে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ায়। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, গ্রেফতারকৃত রাব্বিকে আদালতের মাধ্যমে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।

গোমস্তাপুরে গৃহবধূর লাশ উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে মর্জিনা খাতুন নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মর্জিনা ঐ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, পুলিশ মর্জিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কম্বাইন হারভেস্টার বিতরণ

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরায় সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা বনি আমিন খানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ এ কে এম মনিরুল আলম।

মান্দায় ত্রাণসামগ্রী বিতরণ

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া  অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন শুক্রবার উপজেলার ঘাটকৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এগুলো বিতরণ করে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।

পাইকগাছায় বারুণী স্নান

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার কপিলমুনিতে বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে। তিথি গোন হিসাব করে প্রতি বছর এখানে সনাতন ধর্মাবলীদের এ স্নান অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে এবার তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না বলে জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।

৪০০ জন পেলেন চোখের চিকিত্সা

গোপালগঞ্জ প্রতিনিধি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গোপালগঞ্জের ৪০০ প্রান্তিক জনগোষ্ঠী পেয়েছেন চোখের আধুনিক চিকিত্সা। শুক্রবার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বোয়ালিয়া নেজাম উদ্দিন বিদ্যালয়ে এ চিকিত্সাসেবা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিত্সক, নার্স ও অরিবিসের কর্মকর্তারা এ সেবা দেন।

অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রতনডারা খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশে মাটি কেটে সংযোগ রাস্তা নির্মাণের মাধ্যমে ৪০ দিনের এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান সভাপতিত্ব করেন।