ইত্তেফাক ডেস্ক
চট্টগ্রাম, মেহেরপুর ও ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছে। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার।
চট্টগ্রাম :নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত মো. আরকান (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়েছিল। মো. আরকান তুলাতলী জালেশ্বর লবণ মিল এলাকার মোস্তফা কামালের পুত্র।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নগরীর রেডিসন ব্লুর সামনে রাস্তায় বৃহস্পতিবার সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত শিশুটিকে রাতে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল চিকিত্সাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মেহেরপুর :মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুরে মোটরসাইকেল ও বাঁশবোঝাই আলগামনের (ইঞ্জিন চালিত গাড়ি) মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (২৩) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
নান্দাইল (ময়মনসিংহ) :ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী লরি চাপায় রাবেয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত রাবেয়া খাতুন মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে বালুবাহী গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।