বরিশালের বাজারে ক্রেতার চাপে বেড়েছে পণ্যের দাম

স্বাস্থ্যবিধি উপেক্ষিত

বরিশাল অফিস

লকডাউনের পঞ্চম দিনে দোকানপাট খুলে দেওয়ায় বরিশালের বাজারে মানুষের ভিড় বেড়েছে। ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। কিন্তু বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। অপরদিকে লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি রক্ষা এবং বাজার নজরদারিতে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। লকডাউনে বরিশালের বাজারগুলো আগে থেকেই খোলা ছিল। প্রসাধনী ও পোশাক ব্যবসায়ীদের দাবি ছিল দোকান খুলে দেওয়ার। সরকার গতকাল শুক্রবার থেকে সারা দেশে শপিং মলসহ দোকানপাট খুলে দেওয়ার ঘোষণায় নগরীর অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চকবাজার, কাঠপট্টি, সদর রোড ও গির্জা মহল্লার সব দোকান খুলেছে। পোশাক, প্রসাধনীসহ অন্য দোকানগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা করে বেচাকেনা করার চেষ্টা করতে দেখা গেছে। তবে এরপরও অনেকাংশে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

এদিকে নিত্যপণ্যের দোকানে আগের চেয়ে ভিড় বেড়েছে। রমজান সামনে রেখে চাহিদার চেয়েও বেশি পণ্য কিনছেন ক্রেতারা। গত কয়েক দিনের ব্যবধানে শুক্রবার ১৫ টাকা কেজি দরের আলু ২০ টাকা এবং ১৭ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ টাকায়। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রচুরসংখ্যক ক্রেতা একই সময়ে বাজারে ভিড় করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। বিশেষ করে নগরীর পোর্ট রোডের পাইকারি মত্স্য বাজারে ছিল অসহনীয় ভিড়। অনেকের ছিল না মাস্ক।