আড়াইহাজারে কালের সাক্ষী জমিদারবাড়ি

সংরক্ষণের দাবি এলাকাবাসীর

মাসুম বিল্লাহ, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আড়াইহাজার উপজেলার  সাতগ্রামের জমিদার ‘যোগেশ বাবুর বাড়ি’। ভাওয়াল রাজার স্মৃতি বিজড়িত এই বাড়িটি এখন পরিত্যক্ত। ভাওয়াল রাজার কাছ থেকে হাতি পুরস্কার পাওয়া সাধন দাস গুপ্ত এই বাড়িতে থাকতেন। ব্রিটিশ আমলের কথা। জমিদার যোগেশ দাস গুপ্তের ছেলে সাধন দাস গুপ্ত ব্রিটিশ আমলেই ব্যারিস্টারি পাশ করেছিলেন। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে সাধন দাস গুপ্ত ছিলেন জন্মান্ধ। ছায়া সুশোভিত বাড়িটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। বাড়ির চারপাশে সবুজের সমারোহ। সামনে বিশাল উঠোন। নির্জন পরিবেশ। এ পথে যেতে পথিক মাত্রই দু’দণ্ড থমকে দাঁড়ান । বিকালে দর্শনার্থীদের ভিড় জমে। তাই বাড়িটিকে পার্কে রূপ দেওয়ার দাবি তুলেছে এলাকাবাসী।

সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ জানান, দোতলা বাড়িটির দেওয়ালে বট-পাকুড় গঁজিয়েছে। দরজা-জানালা নষ্ট হয়েছে আগেই। নিচে দুইটি এবং উপর তলায় দুইটি কক্ষ। দোতলায় বারান্দা আছে। এক সময় ছাদে উঠা যেত। স্বাধীনতার আগে থেকেই লোকজন বসবাস করতো। আশির দশক থেকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কাজ চলতো এই বাড়িতে। এখন এই ইউনিয়নে অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র। তাই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে।

এলাকার একজন সমাজকর্মী মো. শফিকুল ইসলাম জানান, এই বাড়িটি গুপ্ত বংশের জমিদারদের। সাতগ্রাম পরগণায় ছিল তাদের জমিদারি। ব্রিটিশ আমল থেকেই গুপ্ত বংশের লোকেরা ছিল শিক্ষা-দীক্ষায় অগ্রগামী। জমিদার শরত্ গুপ্ত থাকতেন ঢাকার নারিন্দায়। ব্রিটিশ আমলে ঢাকা পৌরসভা হলে নারিন্দায় শরত্ গুপ্তের নামে একটি সড়কের নামকরণ করা হয়। জমিদার শরত্ গুপ্তের বংশের বেশির ভাগ ঢাকাতেই থাকতেন। গ্রামে থাকতেন যোগেশ গুপ্ত। যোগেশ গুপ্তের ছেলে সাধন দাস গুপ্ত ব্যারিস্টারি পড়েছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের প্রথম অন্ধ ব্যারিস্টার। সন্ন্যাসী ভাওয়াল রাজার মামলা লড়ে জিতেছিলেন সাধন দাস গুপ্ত। মামলা জেতায় খুশি হয়েছিলেন ভাওয়াল রাজা। তিনি অন্ধ ব্যারিস্টার সাধন দাস গুপ্তকে একটি হাতি উপহার দিয়েছিলেন।

জমিদারি প্রথা উঠে গেলে তারা মাঝেমধ্যে কোলকাতা থেকে আড়াইহাজারে আসতেন বাড়িঘর দেখতে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, ‘গুপ্ত বংশের জমিদার বাড়ির কথা শুনেছি। অনেকেই দাবি তুলেছেন এখানে পার্ক করে দেওয়ার জন্য। আমরা ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’