ইত্তেফাক রিপোর্ট
৪০ বছর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে সারা দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিনটি উদ্যাপন করা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। এ সময় অধিদপ্তরের তিন জন পরিচালক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ছাড়াও সারা দেশের ফায়ার সার্ভিসের জেলা অফিসসমূহেও একইভাবে সীমিত আকারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোতে বাদ জুমা বিশেষ মোনাজাতে ফায়ার সার্ভিসসহ সারা দেশের কল্যাণ কামনা করা হয়। সদর দপ্তর মসজিদে দোয়ায় অংশ নেন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকরা। এরপর দেশের সব ফায়ার স্টেশনে একই মেন্যুতে সবাইকে দুপুরের খাবার পরিবেশ করা হয়। উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল তত্কালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটের সমন্বয়ে পুনর্গঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পথচলার ৪০ বছর অতিক্রান্ত হলেও এবারই প্রথম এই দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়।