মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কুমিল্লার মনোহরগঞ্জের যমজ দুই ভাইয়ের পাশে দাঁড়ালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তাদের সাফল্যে খুশি হয়ে আরিফ ও তার ভাই শরীফকে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন মন্ত্রী। তাদের লেখাপড়ার খরচ চালাতে মন্ত্রী আগেও সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও আর্থিক সহযোগিতা করার আশ্বাসও দেন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রামের বাড়ি উপজেলার মানরা গ্রামে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম তাদের পিতা বিল্লাল হোসেনের হাতে এ অনুদানের টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরিফ ময়মনসিংহ সরকারি মেডিক্যাল কলেজ ও শরিফ চট্টগ্রাম সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তারা মানরা গ্রামের অটোরিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে।