আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একাধিক নির্বাহী আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাস অঙ্গরাজ্যে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে টেক্সাস অঙ্গরাজ্যের ব্রায়ান শহরে এই গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের একটি শিল্প পার্কে অবস্থিত কেন্ট মুর ক্যাবিনেটস নামের কারখানায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই এক জন নিহত ও চার জন আহত হন। এই চার জনের অবস্থা গুরুতর। এছাড়া এই ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।
সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। তার পরিচয় জানানো হয়নি। তবে পুলিশ বলেছে, সন্দেহভাজন বন্দুকধারী ঐ কারখানাটিতেই কাজ করতেন। গুলির এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে এই গুলির ঘটনা ঘটল, সে সম্পর্কে তদন্তকারীরা এখনো কিছু জানতে পারেননি।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বৃহস্পতিবার একাধিক নির্বাহী আদেশ জারি করেন। তিনি যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতাকে মহামারির সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি আমেরিকার জন্য আন্তর্জাতিকভাবে বিব্রতকর হয়ে উঠেছে।