ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন।
অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. শরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র্যাব।