ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের নাতি প্রিন্স হ্যারি। দাদার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত একবছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যে ফিরতে পারেন হ্যারি। শুক্রবার (৯ এপ্রিল) এ খবর দিয়েছে পিপল ডট কম।
করোনার নতুন নির্দেশিকা অনুযায়ী, হ্যারিকে সম্ভবত বেশ কয়েক দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সেন্ট জর্জ চ্যাপেলে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার আগে তাকে কোভিড টেস্টও করাতে হবে।
রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ। ছবি: সংগৃহীত
প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল তার স্বামীর সাথে আসবেন কীনা তা পরিষ্কার নয়। মেগান বর্তমানে দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গত বছর থেকে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
৩৬ বছর বয়সী যুবরাজ হ্যারি তার দাদার সাথে সবসময় খুব ঘনিষ্ঠ ছিলেন। রাজকীয় ভ্রমণে একসাথে যাওয়ার সময় তাদের প্রায়শই হাসি এবং কৌতুক করতে দেখা যেত। হ্যারির মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পরে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রিন্স ফিলিপ।
ইত্তেফাক/এসএ