এবার শুধু গলা শুনেই বোঝা যাবে আপনি করোনা আক্রান্ত কি না। স্মার্টফোনে আসছে VocalisCheck নামে নতুন একটি অ্যাপ। যা গলা শুনেই করোনার উপসর্গ চিহ্নিত করবে। অ্যাপটি অন করে ফোনে ৫০-৭০ পর্যন্ত গুনতে হবে। আর এই ভয়েস রেকর্ডিং থেকেই জানা যাবে করোনা উপসর্গ। ইসরায়েলের সংস্থা Vocalis Health-এর তৈরি এই অ্যাপে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে পরীক্ষা করা হয় গলার স্বরের নমুনা। এক্ষেত্রে অডিও ম্যাপ স্প্যাকট্রোগ্রামে রূপান্তরিত হয় আর করোনার উপসর্গ চিহ্নিত করতে সাহায্য করে।
ইতিমধ্যেই দেশে অ্যাপটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ৮০ শতাংশ পর্যন্ত সঠিকভাবে কাজ করছে এই অ্যাপ। ফেব্রুয়ারি মাসেই মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বইয়ের সঙ্গে যৌথভাবে সমীক্ষা চালায় Vocalis Health। ইংরেজি, হিন্দি, মরাঠি ও গুজরাতি ভাষায় ২০০০ অংশগ্রহণকারীর অডিও নমুনা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে প্রায় ৮১.২ শতাংশ পর্যন্ত সঠিক ফলাফল লক্ষ্য করা যায়।
Vocalis Health-এর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস চিনতে প্রথম ধাপই হল ভয়েস তথা গলার স্বর। এক্ষেত্রে শুধুমাত্র একটি সিঙ্গল ভয়েস স্যাম্পেলের দরকার হয়। খুব একটা কাঠখড় পোড়াতে হয় না। শুধু ৫০ থেকে ৭০ পর্যন্ত জোরে জোরে গুনতে হবে। এরপর ক্লাউড বেস অ্যানালিটিকসে এই অডিও ফাইলটি আপলোড করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই ফলাফল এসে যাবে। সংস্থার বার্তা, ইতিমধ্যেই একাধিক সমীক্ষায় ১ মিলিয়নের বেশি ভোকাল বায়োমার্কারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ডেটা সেটগুলি নিরীক্ষণ করার পরই করোনার উপসর্গ সম্পর্কে বিস্তারে জানা গেছে।
পরীক্ষা চলাকালীন একটি ভয়েস স্যামপল থেকে ৫০০-র বেশি লক্ষণ চিনতে সাহায্য করে অ্যাপে ব্যবহূত AI অ্যালগরিদম।