নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন সেতুতে একটি বালুবাহী ট্রাক ওঠার পরই পাটাতন ভেঙে আটকে যায়। পরে ট্রাকটি সরিয়ে নিলেও সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে দুর্ভোগে পড়েছে এ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ। সরেজমিনে দেখা গেছে, সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, সেতুটির দুই পাশের রেলিং ভেঙে এবং মাঝখানে ডেবে গিয়েছিল। এর পরও ঐ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করত। এমনকি সেতুর কোনো পাশেই ছিল না সতর্কীকরণ সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, বারবার উপজেলা এলজিইডি কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ‘রাতে ঝুঁকিপূর্ণ ঐ ব্রিজ দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হওয়ার সময় ভেঙে সেতুর ওপর আটকে যায়। এরপর থেকেই ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’ উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘যেহেতু খালের পানি প্রবাহ বন্ধ, তাই আমরা চেষ্টা করছি দ্রুত সেতুটি ভেঙে সেখানে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করার।’