সর্বাত্মক লকডাউনেও চলবে শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে সর্বাত্মক লকডাউনের আভাস দিয়েছে সরকার। যেখানে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শেয়ারবাজার খোলা থাকবে কি না—সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। তবে সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজার বন্ধ হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অবশ্য এক্ষেত্রে ব্যাংক খোলা থাকতে হবে। ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও খোলা থাকবে। ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেন সময় ঠিক করা হবে।

বিএসইসি জানিয়েছে, কোভিড-১৯ মহামারিকালসহ সর্বাত্মক লকডাউন চলাকালীন সময়েও ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে, বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সব লেনদেন যথারীতি চালু থাকবে।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শেয়ারবাজার এখন অনেক মানুষের রুটি-রুজির সঙ্গে জড়িত, আমরা যদি বন্ধ করে দেই, তাহলে প্রচুর লোকের জীবিকায় ক্ষতি হবে। বাজার আবার ক্ষতিগ্রস্ত হবে, পেছনে চলে যাবে। বন্ধ করে দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারছি না। কারণ, খুব সহজে করোনার সমস্যা সমাধান হবে এর কোনো নিশ্চয়তা নেই।

তিনি বলেন, আমি কোভিডের মধ্যেই দায়িত্ব নিয়েছি। কোভিড থেকে বের হতে না হতে আরেকটা কোভিডে পড়ে গেলাম। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, অর্থনীতি যখন চলে পৃথিবীর কোথাও ক্যাপিটাল মার্কেট বন্ধ থাকে না। আমরা তো বিশ্ব থেকে আলাদা হয়ে যেতে পারি না। সব জায়গায় যেরকম আমাদেরও সেরকম হতে হবে। আমরা যেহেতু ডিজিটাল প্ল্যাটফরম করে ফেলেছি, আশা করি ঘরে বসে হলেও ডিজিটালি কাজ করতে পারব। টেলিফোনে কাজ করতে পারব, মোবাইলে কাজ করতে পারব। আমরা বন্ধ করব না। আমরা ইকোনমির সঙ্গে থাকতে চাই। ব্যাংকিং আওয়ারের সঙ্গে মিলিয়ে শেয়ারবাজারের লেনদেন হবে।