লিনডে বিডি মুনাফার ৬০ কোটি টাকা দেবে শেয়ারহোল্ডারদের

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ৬০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৮ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ২৭ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হতে পারে। লিনডে বাংলাদেশ লিমিটেডের ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ৭০ দশমিক ৫৫ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ১০৭ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৬৫৪ টাকা। এরমধ্য থেকে ৪০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৪০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মধ্যে ৬০ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ২০০ টাকা বিতরণ করা হবে। বাকি ৪৬ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৪৫৪ টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া হবে।