সুজনের চাওয়া ‘টিম বাংলাদেশ’

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টে হার। নিউজিল্যান্ড সফরে টানা ছয় ম্যাচে হার। আন্তর্জাতিক ক্রিকেটে হারের বৃত্তে ধুঁকতে থাকা বাংলাদেশ দল আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। মানসিকভাবে বিপর্যস্ত দলটাকে উজ্জীবিত করাই এখন মূল চ্যালেঞ্জ। কয়েক জন সিনিয়র ক্রিকেটার নেই বলে শক্তিমত্তায় হেরফের হলেও জয়ের লক্ষ্য নিয়েই লঙ্কায় যাচ্ছে মুমিনুল হকের দল। সফরে বাংলাদেশ দলের ‘টিম লিডার’ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, মাঠে ‘টিম বাংলাদেশ’কে ফেরাতে হবে। সবাই এক হয়ে দলকে জেতানোর জন্য খেলতে হবে। দল হিসেবে খেললে লঙ্কা সফরে জয় সম্ভব মনে করেন সাবেক এ অধিনায়ক।

গতকাল মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। কলম্বো গামী বিমানে চড়ার আগে ১১ এপ্রিল পুরো দল মিলে অনুশীলন হবে।

মাঠে ব্যস্ত সময় কাটানোর পর দলকে উজ্জীবিত করার উপায় সম্পর্কে বিসিবির এ পরিচালক  বলেছেন, ‘হয়তোবা নিউজিল্যান্ডে রেজাল্টটা ভালো না হওয়ায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জিততে পারিনি—একটু হয়তোবা ব্যাকফুটে আছে। তবে সবসময় মনে করি বাংলাদেশ খুবই একটা সামর্থ্যবান দল, অবশ্যই আমাদের অনেক প্লেয়ার নেই, তবে তার মানে এই নয় যে, তারা না থাকলে আমরা খারাপ দল। এখনো আমরা ভালো দল।’

মাঠে আবারও টিম বাংলাদেশের লড়াকু রূপটা ফেরাতে চান সুজন। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে একটা স্লোগান উঠত যে, আমরা টিম বাংলাদেশ। আমি টিম বাংলাদেশকেই দেখতে চাই মাঠে। হারা-জেতা খেলার অংশ, হারতেই পারি। তবে শেষ কামড় দেওয়ার মতো একটা কথা থাকে না, যে আমরা পুরো লড়াই করব, জানপ্রাণ দিয়ে খেলব—ঐ মানসিকতাটা আমি চাই মাঠে।’