এমবাপেকে ধরে রাখার চেষ্টা করছে পিএসজি-পচেত্তিনো

পিএসজি ম্যানেজার মউরিসিও পচেত্তিনো জানিয়েছেন, তার ক্লাব সব ধরনের চেষ্টা করছে দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের চুক্তি নবায়নের জন্য। এই ফরাসি বিশ্ব চ্যাম্পিয়নকে বড়সড় একটি চুক্তি দিয়ে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চাচ্ছে পিএসজি। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো কিছু বলেননি এমবাপে। বেশ কয়েকমাস ধরেই এমবাপের ক্লাব ছাড়ার গুঞ্জন মাতিয়ে রেখেছে ইউরোপের বড় ক্লাবগুলোকে। ২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া এই ২২ বছর বয়সি তারকার চুক্তি নবায়নে অনীহার খবর সেই গুঞ্জনে আরো রশদ জুগিয়েছে। পিএসজি ম্যানেজার পচেত্তিনো স্বাভাবিকভাবেই এরকম একজন উদীয়মান প্রতিভাকে ছেড়ে দিতে চাচ্ছেন না। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই আর্জেন্টাইন বলেন, ‘ক্লাব চায়, সে (এমবাপে) থাকুক। তারা (পিএসজি ও এমবাপে) সেই মর্মেই কাজ করছে। বয়স কম হলেও কিলিয়ান বেশ পরিপক্ক। এবং এই মুহূর্তে তার মনোযোগ দলকে কীভাবে সাহায্য করা যায়, সে দিকেই।’ গুঞ্জনের ব্যাপারে প্রশ্ন করা হলে পচেত্তিনো বলেন, ‘গুঞ্জন নিয়ন্ত্রণ করা সম্ভব না এবং আমরা সবাই জানি, গুঞ্জন সবসময়ই থাকবে’। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের জোড়া গোলে ভর করেই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে তাদের নিজেদের মাঠে হারিয়েছে পিএসজি। ঐ ম্যাচের ফিরতি লেগ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার, পিএসজির মাঠে।