স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের ধাক্কায় নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আন্তর্জাতিক সিরিজ বারবার বিঘ্নিত হচ্ছে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য সিরিজটা স্থগিত হয়েছে গত মাসে। এবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুবাদের হোম সিরিজটাও স্থগিত হয়ে গেল করোনার কারণে। একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান যুবদলের।
কিন্তু দেশের অভ্যন্তরে করোনার প্রকোপ বাড়ায় এবং আগামী ১৪ এপ্রিল থেকে সরকারের সর্বাত্মক লকডাউনের ঘোষণায় বাধ্য হয়েই যুবাদের সিরিজ স্থগিত করেছে বিসিবি। করোনা পরিস্থিতির উন্নতি হলে ঈদুল ফিতরের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করা হবে। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল মিরপুর স্টেডিয়ামে যুবাদের সিরিজ সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা যেকোনো একটা সুবিধাজনক সময়ে করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। আমরা চেষ্টা করব যে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যখন খেলা পরিচালনা করা এবং আমরা একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো অনুকূলে মনে করব তখনই আমরা করে ফেলব।’