সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত :গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক

আইপিএল আয়োজনের ঝুটঝামেলার মধ্যেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ঘোষণা দিয়ে বসলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ট টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে ভারত। করোনা মহামারির জন্য গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হলেও এবছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ।  

ভারতের করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সেই জল্পনা-কল্পনার মাত্রা আরো বেড়েছে সম্প্রতি ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বক্তব্যে। আইসিসি জানিয়েছে, বিকল্প ভেন্যুর চিন্তাও করে রেখেছে তারা।

আইসিসির এমন মন্তব্যের রেশ ধরেই হয়তো মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিভিন্ন রাজ্য সংস্থাকে লেখা চিঠিতে সাবেক অধিনায়ক গাঙ্গুলি লিখেছেন, ‘আগামী মৌসুম নিয়ে বেশ আশাবাদী আমি। আশা করি এরমধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা পূর্ণ ঘরোয়া মৌসুম আয়োজন করতে পারব। আর এ যাবত্কালের সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপটিও আয়োজন করব আমরা।