লৌহজংয়ে ৪ হাজার কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

লৌহজং উপজেলার হলদিয়া বাজারের কাছ থেকে একটি পিকআপসহ ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌপুলিশ। গতকাল শনিবার ভোরে এই জাটকা জব্দ করা হয়। মালিকবিহীন অবস্থায় পিকআপটি ছিল বলে পুলিশ জানায়।

মাওয়া নৌপুলিশ স্টেশনের ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি থেকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপে তোলা হয়। পিকআপটি যখন লৌহজং উপজেলার হলদিয়া বাজারের কাছে পৌঁছে তখন নৌপুলিশ তাদের ধরার জন্য ধাওয়া করে। নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা জাটকা ভর্তি পিকআপটি রেখে পালিয়ে যায়। পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ঠ ১১,৮,৫১০। পিকআপটি নৌপুলিশের হেফাজতে রয়েছে। জব্দ করা জাটকাগুলো উপজেলা মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানাসহ বিভিন্ন মাদ্রাসা ও এলাকার দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।