সালথায় তাণ্ডবে অর্ধশত গ্রেফতার ২৬ জন রিমান্ডে

ঘটনাস্থলে বিভাগীয়

কমিশনার বললেন

‘অ্যাকশনে যেতে চাই’

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সালথায় গত সোমবার রাতে সংঘটিত তাণ্ডবের সঙ্গে জড়িত এবং মামলার আসামি হিসেবে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৬১ জনের নাম উল্লেখ করে ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘কোনো বক্তব্য নয় সরাসরি একশনে যেতে চাই।’ সঙ্গে ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর প্রমুখ। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, সালথার ঘটনায় এ পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক জন ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলেন মিরান মোল্লা (৩৫)।

এছাড়া আরো দুই জন গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে আবুল খায়ের পুলিশি পাহারায় ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মো. আমীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাদের আদালতে সোপর্দ করা হয়নি। এ পর্যন্ত আদালতে সোপর্দ করা হয়েছে ৪৮ জনকে। এর মধ্যে ১১ জনের দুই দিন করে এবং ১৫ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। বাকিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।