কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (১৯) নামে অপর এক গার্মেন্টসকর্মীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আইয়ুব আলী নীলফামারী সদরের কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে। জানা যায়, আইয়ুব আলী বিভিন্ন সময় ঐ গার্মেন্টসকর্মীকে উত্ত্যক্ত করতো।
গত শুক্রবার রাতে কারখানার কাজ শেষে ওয়াশরুমে হাতমুখ ধুতে যায় ঐ তরুণী। এ সময় কৌশলে আইয়ুব আলী গার্মেন্টসকর্মীকে টয়লেটের ভিতর আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ নারীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর পুলিশ শনিবার সকালে উপজেলার গোয়লবাথান গ্রাম থেকে ধর্ষক আইয়ুব আলীকে গ্রেফতার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ধর্ষক আইয়ুব আলীকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।