অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি কিংবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। গতকাল শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে। রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও তিনি সতর্ক করে দেন। কোভিড-১৯-এর টিকা নেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সেজন্য তিনি সকলকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান।