সাতক্ষীরায় ঘরে ঢুকে বন্ধুকে গলা কেটে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর এলাকায় দিনদুপুরে ঘরে ঢুকে নিজের বন্ধুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হত্যার পর ঘাতক সাগর হোসেন তার বাবাকে এ খবর জানায় এবং বন্ধুর লাশ বের করে আনার জন্য বলে। নিহতের নাম সালাউদ্দীন আহমেদ (১৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর মালিপাড়া গ্রামের শাহজান আলী ওরফে বাবু সরদারের ছেলে।

আত্মস্বীকৃত হত্যাকারী সাগর হোসেন (১৫) সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বুরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিনের ঘরে ঢুকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সে তাদের বাড়িতে গিয়ে তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকত।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সালাউদ্দিন ও সাগর দুজনেই ছিল মাদকাসক্ত। তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপর এক সূত্র মতে, একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কোনো একটি কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

এদিকে এ ঘটনার পর ঘাতক সাগর ও তার বাবা পলাতক রয়েছে। পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।