চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন ঝুঁকিপূর্ণ ভবন থেকে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নিয়েছে। এছাড়া ভবনের আশপাশের লোকজনকেও সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, চার-পাঁচ ভাইয়ের মালিকানাধীন পাঁচতলাবিশিষ্ট ভবনে তাদের পরিবার বসবাস করে। ভবনটিতে কোনো ভাড়াটিয়া থাকে না। ভবনের সামনে পাইলিংয়ের কাজ চলছে। কয়েকটি গর্ত করা হয়েছে। এতে গতকাল শনিবার ভবনটি সামনের দিকে হেলে পড়ে। এ সময় স্থানীয় লোকেরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনে বসবাসরত পরিবারগুলোকে সরিয়ে দেয়। ভবনের আশপাশের বসবাসকারীদেরও সরিয়ে দেওয়া হয়েছে।