ছুরিকাঘাতে রাজশাহীতে আনসার সদস্য ও চাঁপাইয়ে ফার্মেসি মালিক খুন

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে আনসার সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। রাজশাহীতে বন্ধুর হাতে আনসার সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জে এক ফার্মেসি মালিক নিহত হন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মহানগরীর হেতম খাঁ বিদ্যুত্ ভবনের পাশের গলিতে এক আনসার সদস্যকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মিজানুর রহমান নগরীর হেতম খাঁ সবজিপাড়ার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইলের সখিপুরে আনসার বাহিনীর ফুটবল টিমের খেলোয়াড় ছিলেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘাতক বন্ধু মাধব পলাতক ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুত্ ভবনের পাশের গলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন হেতম খাঁ এলাকার মাধব নামে তার এক বন্ধু ছুরি নিয়ে এসে মিজানুর রহমানকে উপর্যপুরি আঘাত করে। এতে গুরুতর আহত মিজানকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। সে হেতম খাঁ এলাকার বাসিন্দা মদনের ছেলে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাপাইপাড়া এলাকায় একই দিন সন্ধ্যায় ছুরিকাঘাতে এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। নিহত হূদয় হাসান শহরের ৬ নম্বর ওয়ার্ডের নামোশংকরবাটি ঝাপাই পাড়ার আশরাফুল হকের ছেলে। নিহতের ছোটভাই রাজন জানান, গতকাল মাগরিবের নামাজ শেষে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন কথা কাটাকাটির একপর্যায়ে হূদয়ের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, আহত হূদয়কে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।